
কমলগঞ্জ প্রতিনিধি:
মৌলভীবাজারের কমলগঞ্জে ‘গোপন বৈঠকের’ গুজবে এক ছাত্রলীগ নেতার বাড়িতে হামলা ও ভাঙচুর বিক্ষুব্ধ জনতা। বুধবার (২১ জানুয়ারি) সন্ধ্যার দিকে উপজেলার মুন্সিবাজার এলাকার জালালপুরে মুন্সিবাজার ইউনিয়ন যুবদল নেতা মোঃ দুলাল হোসাইনের নেতৃত্বে এ হামলার ঘটনা ঘটে।
হামলার শিকার হন ছাত্রলীগ নেতা শেখ মাজেদুল ইসলামের পরিবার। তিনি মুন্সিবাজার ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও জালালপুর গ্রামের শেখ তাজুল ইসলামের ছেলে। মূলত, রাজনৈতিক প্রতিহিংসায় তার বাড়িতে হামলা চালানো হয়েছে বলে দাবি করছেন মাজেদের স্বজনরা।
জানা যায়, বুধবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রতীক ঘোষণা করে নির্বাচন কমিশন। বিএনপি সমর্থিত প্রার্থী আলহাজ মুজিবুর রহমান চৌধুরী (হাজী মুজিব) ধানের শীষের প্রতীক বরাদ্দ পাওয়ায় তাঁর কর্মী-সমর্থকরা এক আনন্দ মিছিল বের করে। মুন্সিবাজার ইউনিয়ন যুবদল নেতা মোঃ দুলাল হোসাইনের নেতৃত্বে শুরু হওয়া ওই মিছিল থেকে শেখ মাজেদুল ইসলামের বাড়িতে হামলা-ভাঙচুর ও লুটপাট চালানো হয়।
স্থানীয়রা জানান, মাজেদ ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত। সে ইউনিয়ন ছাত্রলীগের পদভুক্ত নেতা। পতিত আওয়ামী লীগ সরকারের আমলে তার বেশ দাপট ছিল। মুন্সিবাজার এলাকার বিভিন্ন মাদরাসা ও স্কুল-কলেজে ছাত্রলীগের কমিটি গঠন করে মাজেদ সাধারণ শিক্ষার্থীদের উপর ব্যাপক প্রভাব বিস্তার করে যা বিএনপি-জামায়াতের কাছে তার প্রতি রাজনৈতিক প্রতিহিংসার জন্ম দেয়। ৫ই আগস্ট আওয়ামী সরকারের পতনের পর পরই স্থানীয় বিএনপি ও জামায়াতের নেতা কর্মীরা প্রায়ই মাজেদকে খুঁজতে তার বাড়িতে আসতো ও তার বাবাসহ পরিবারের অন্যান্য সদস্যদের হুমকি দিতো । কিন্তু সরকার পতনের অনেক আগেই মাজেদ গোপনে দেশ ত্যাগ করে বলে বিএনপি-জামায়াতের হামলা ও খুন খারাবি থেকে বেচে যায়।
তারা বলেন, এরই ধারাবাহিকতায় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা বিভিন্ন ইস্যুতে তার বাবাসহ পরিবারের বিভিন্ন সদস্যদের সাথে খারাপ আচরণ করতো। সর্বশেষ গত বুধবার যুবদলে আনন্দ মিছিল থেকে ‘গোপন বৈঠকের’ গুজব ছড়ানো হয় এবং ইউনিয়ন ছাত্রদল নেতা মোঃ দুলাল হোসাইনের নেতৃত্বে মিছিলকারী বিএনপি-ছাত্রদল ও সাধারণ জনতা সংঘবদ্ধ হয়ে মাজেদের বাড়িতে হামলা-ভাঙচুর ও লুটপাট চালিয়ে ব্যাপক ক্ষতি সাধন করে।
হামলার সত্যতা নিশ্চিত করেছে কমলগঞ্জ থানা পুলিশ। তারা বলছে, বিক্ষুব্ধ ছাত্র-জনতা এ হামলা চালিয়েছে। তবে এ ব্যাপারে কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে হামলাকারীদের শনাক্ত করে আইনী ব্যবস্থা নেওয়া হবে।